রাজধানীর পল্টনে এক অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, চাঁদাবাজি বন্ধ করা গেলে দেশের দ্রব্যমূল্য অর্ধেক কমে আসবে। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যদি চাঁদাবাজি সম্পূর্ণরূপে বন্ধ করা সম্ভব না হয়, তবে ভর্তুকি দিয়ে হলেও সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া উচিত। তবে এই ভর্তুকি জনগণের ঋণ করে নয়, সরকারের দলীয় তহবিল অথবা চাঁদাবাজির কমিশন থেকে দেওয়া হলে জনগণ উপকৃত হবে।
রোববার সকালে জামায়াতে ইসলামী পল্টন থানার উদ্যোগে শান্তিনগর এলাকায় অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. হেলাল উদ্দিন আরও বলেন, বর্তমান দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির পেছনে মূলত সরকারদলীয় ব্যবসায়ীদের সিন্ডিকেট এবং দলীয় নেতাকর্মীদের চাঁদাবাজিই দায়ী। তার মতে, চাঁদাবাজি ও সিন্ডিকেট বন্ধ করা গেলে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে চলে আসবে। দ্রব্যমূল্যের এই লাগামহীন বৃদ্ধি মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে এবং দারিদ্র্যের হার বৃদ্ধি পাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
জামায়াতে ইসলামী পল্টন থানা আমির অ্যাডভোকেট মারুফুল ইসলামের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মঞ্জুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগরীর কর্মপরিষদ সদস্য শাহীন আহমেদ খান। এছাড়াও সাবেক কাউন্সিলর খন্দকার আব্দুর রব, পল্টন থানা সহকারী সেক্রেটারি মুস্তাফিজুর রহমান শাহীন ও এনামুল হক, থানা কর্মপরিষদ সদস্য আ.ফ.ম ইউসুফ, নজরুল ইসলাম মজুমদার, শামীম হাসনাইন এবং নুরুল আবসারসহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।
রিপোর্টারের নাম 























