জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে দেশের জেলা প্রশাসকদের (ডিসি) ৯টি সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পাশাপাশি চলমান বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় বিদ্যুৎ সাশ্রয়ের জন্যও বেশ কিছু পদক্ষেপ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত এক অনলাইন মতবিনিময় সভায় সভাপতিত্বকালে প্রতিমন্ত্রী এসব নির্দেশনা দেন। সভায় মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব এবং দেশের সব জেলা প্রশাসক অনলাইনে যুক্ত ছিলেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিমন্ত্রীর দেওয়া ৯ দফা নির্দেশনার মধ্যে রয়েছে: প্রতিদিন ডিপোর প্রারম্ভিক ও সমাপনী মজুত যাচাই করে রিপোর্ট দেওয়া; ডিপো থেকে পেট্রোল পাম্পে বরাদ্দ করা জ্বালানির সরবরাহ নিশ্চিত করা; সব কাস্টমারের (পেট্রোল পাম্প ডিলার, এজেন্সি ডিলার, প্যাকড পয়েন্ট ডিলার ও ডিরেক্ট কাস্টমার) সরবরাহ ও বিতরণ তদারকি করা; পেট্রোল পাম্প বন্ধ হলে তার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধান ও ডিপোর সঙ্গে তেল সরবরাহের হিসাব মিলিয়ে দেখা; অবৈধ মজুতদারি রোধ করা; তেলের ডিপোর নিরাপত্তা নিশ্চিত করা; জ্বালানি তেলের পাচার বন্ধ করা; বেশি দামে যেন জ্বালানি তেল বিক্রি না করতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখা এবং অপরাধ সংগঠিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া; এবং জেলা পর্যায়ে সার্বিক নজরদারি বাড়ানো।
এছাড়া, প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের কষ্ট লাঘবে আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছে। তিনি সবাইকে এ ব্যাপারে সচেতন থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বিদ্যুৎ সাশ্রয়কল্পে কিছু নির্দেশনা জেলা প্রশাসনের মাধ্যমে বাস্তবায়নের আহ্বান জানান। এর মধ্যে রয়েছে: বিপণিবিতানে ও ব্যবসায়ী স্থাপনায় আলোকসজ্জা না করা; শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি বা তার চেয়ে বেশি রাখা; এবং দোকান বন্ধের পর সাইনবোর্ডের আলো নিভিয়ে রাখা।
প্রতিমন্ত্রী বর্তমান বৈশ্বিক বাস্তবতায় বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় জেলা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। এর আগে, জ্বালানি মন্ত্রণালয়ে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায়ও তিনি জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সহযোগিতা কামনা করেছিলেন।
রিপোর্টারের নাম 
























