আসন্ন পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। বিশ্ববিদ্যালয়ের হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ছুটির মধ্যেও নির্দিষ্ট দু’দিন তাদের বহির্বিভাগ খোলা থাকবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৯ মার্চ (বৃহস্পতিবার) এবং ২২ মার্চ (রোববার) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বহির্বিভাগে চিকিৎসকরা রোগীদের সেবা দেবেন। এই দুই দিন ছাড়া ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত বহির্বিভাগ বন্ধ থাকবে। তবে ছুটির দিনগুলোতেও হাসপাতালের ইনডোর এবং জরুরি বিভাগ প্রচলিত নিয়মেই খোলা থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ঈদের ছুটির এই সময়ে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, অফিসিয়াল কার্যক্রম, বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস, সুপার স্পেশালাইজড হাসপাতালের কনসালটেশন সার্ভিস এবং পিসিআর ল্যাব বন্ধ থাকবে।
পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আগামী ২৪ মার্চ (মঙ্গলবার) থেকে বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের সকল কার্যক্রম পুনরায় স্বাভাবিকভাবে শুরু হবে। ওইদিন সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ‘ঈদ পুনর্মিলনী ২০২৬’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রিপোর্টারের নাম 























