পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র সংলগ্ন পুরাতন বাণিজ্য মেলার মাঠে কেন্দ্রীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন সকাল ৮টায় এই জামাত শুরু হবে।
ডিএনসিসি কেন্দ্রীয় ঈদ জামাত আয়োজনের লক্ষ্যে সম্প্রতি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় ঈদ জামাত অনুষ্ঠানের সময়সূচি নির্ধারণসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এই সভায় সভাপতিত্ব করেন।
সভায় জানানো হয়, নগরবাসীর জন্য একটি সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে ঈদের জামাত আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। মুসল্লিদের নির্বিঘ্নে ঈদগাহে প্রবেশের জন্য মোট তিনটি গেট রাখা হবে। এর মধ্যে নারীদের জন্য আলাদা প্রবেশপথের বিশেষ ব্যবস্থা থাকবে। এছাড়াও, মুসল্লিদের সুবিধার্থে ওজুর সুব্যবস্থা নিশ্চিত করা হবে।
ঈদ জামাতের সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) দুই প্লাটুন পুলিশ মোতায়েন করবে। একইসঙ্গে ট্রাফিক ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করতে ট্রাফিক বিভাগ, ডিপিডিসি এবং ওয়াসা সহ সংশ্লিষ্ট সকল সংস্থা সমন্বয়ের মাধ্যমে তাদের দায়িত্ব পালন করবে।
ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান সভায় উপস্থিত সকল কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের উদ্দেশে বলেন, যার যার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে এবং নগরবাসীকে এই বিষয়ে অবহিত করতে হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের কেন্দ্রীয় ঈদ জামাতে অংশগ্রহণের জন্য সকল ধর্মপ্রাণ মুসল্লি ও নগরবাসীকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 




















