বরকত ও ফজিলতপূর্ণ রজনী পবিত্র লাইলাতুল কদর (শবেকদর) সারাদেশে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে পালিত হবে আগামীকাল সোমবার দিবাগত রাতে। এই বিশেষ রজনী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিশেষ আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, আগামীকাল (১৬ মার্চ) বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল কদরের ফজিলত, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে ওয়াজ করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মুহাম্মদ মিজানুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান। সভাপতিত্ব করবেন দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ। এছাড়া, পবিত্র শবেকদর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, ইসলামিক মিশন কেন্দ্র এবং ইমাম প্রশিক্ষণ একাডেমিতেও অনুরূপ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
রিপোর্টারের নাম 




















