ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার বিচার প্রক্রিয়ায় বিলম্বের কারণ ব্যাখ্যা করেছেন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল। রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান।
ফেসবুক পোস্টে আসিফ নজরুল উল্লেখ করেন, ওসমান হাদি ছিলেন সাধারণ মানুষের কাছে অত্যন্ত প্রিয় মুখ। বহু মানুষ তার কাছে হাদি হত্যার বিচারের জন্য অনুরোধ করতেন। তিনি সরকারে থাকাকালীন সময়ে এই বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে সম্পন্ন হবে বলে আশ্বস্ত করেছিলেন এবং আশা করেছিলেন যে তার সরকারের মেয়াদকালেই এটি শেষ হবে।
আসিফ নজরুল বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই হত্যা মামলার বিচার এখনো শুরু করা যায়নি। গত ৬ জানুয়ারি হাদি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছিলেন। তবে, মামলার বাদী এই অভিযোগপত্রে সন্তুষ্ট না হয়ে এর বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন দাখিল করেন। এ ধরনের মামলায় নারাজি দেওয়া হলে আদালত সাধারণত অভিযোগপত্র গ্রহণ করে বিচার শুরু করা সমীচীন মনে করেন না। ফলে, আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের সিআইডিকে নির্দেশ দেন। এই তদন্ত এখনো শেষ না হওয়ায় বিচারকার্যও শুরু করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, সিআইডির তদন্ত শেষে যখন অভিযোগপত্র দাখিল করা হবে এবং যদি তাতে আর কোনো নারাজি আবেদন না আসে, তবেই বিচারকার্য শুরু করা সম্ভব হবে। কিন্তু তদন্তে কোনো ত্রুটি, অসম্পূর্ণতা বা অন্য কোনো কারণে বাদী যদি আবারও নারাজি দেন, তবে বিচার আরও পেছাতে পারে।
সাবেক এই আইন উপদেষ্টা বলেন, আদালত সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বাদীর নারাজিকে অগ্রাহ্য করে বিচার শুরু করতে পারেন, তবে সেক্ষেত্রে বিচার নিয়ে বিতর্ক ওঠার আশঙ্কা থাকে। তিনি মন্তব্য করেন, আমরা যতটা সহজভাবে ভাবি, তদন্ত ও বিচার প্রক্রিয়া আসলে ততটা সরল বিষয় নয়। তবে, সবার সদিচ্ছা থাকলে বিলম্ব হ্রাস করা এবং সঠিক তদন্ত ও বিচার নিশ্চিত করা সম্ভব। এই সদিচ্ছা আমাদের সবার থাকা উচিত বলে তিনি মনে করেন।
রিপোর্টারের নাম 




















