পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের নির্দেশে পাঁচজন কয়েদির অবশিষ্ট সাজা মওকুফ করা হয়েছে। এসব কয়েদি তাদের মোট সাজার অর্ধেকেরও বেশি সময় কারাভোগ করেছেন। রোববার কারা অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন অপরাধে দণ্ডিত এবং অর্ধেক বা তার বেশি সাজা ভোগ করা এই পাঁচ কয়েদির অবশিষ্ট কারাদণ্ড শর্তসাপেক্ষে মওকুফ করেছেন।
মুক্তিপ্রাপ্ত কয়েদিরা হলেন: চাঁদপুরের আকাশ গিরি প্রকাশ আকাশ দাস (২২), লক্ষ্মীপুরের রবিউল হোসেন (২৫), রংপুর কেন্দ্রীয় কারাগারের মো. জিকরুল হক ওরফে জিকু (৪৩) ও মো. নুরুজ্জামান (২৯), এবং কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের মো. আব্দুল করিম (৫৬)।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে যে, যদি অন্য কোনো কারণে তাদের আটক রাখার প্রয়োজন না থাকে এবং জরিমানাসহ প্রযোজ্য সকল শর্ত পূরণ করা হয়, তবে তাদের অবিলম্বে মুক্তি দেওয়া হোক।
রিপোর্টারের নাম 






















