অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠেয় দুই দিনব্যাপী (১৬-১৭ মার্চ, ২০২৬) গ্লোবাল ফ্রড সামিট ২০২৬-এ অংশ নিতে ভিয়েনা যাচ্ছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ইউএনওডিসি (UNODC) ও ইন্টারপোলের (Interpol) যৌথ আয়োজনে এই গুরুত্বপূর্ণ সম্মেলনে বাংলাদেশ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল নিয়ে অংশ নেবে।
ভিয়েনা ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে আয়োজিত এই সামিটে মন্ত্রী সালাহউদ্দিন আহমদ ০৫ (পাঁচ) সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রবিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।
সামিটের উদ্বোধনী ও প্লেনারি সেশনসহ মন্ত্রী উচ্চ পর্যায়ের রাউন্ডটেবিল বৈঠক ও বিশেষ সেশনে প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করবেন। এর মাধ্যমে তিনি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন এবং প্রতারণা দমনে বৈশ্বিক প্রচেষ্টায় অবদান রাখবেন।
এছাড়াও, মন্ত্রী সাইডলাইন ইভেন্টের অংশ হিসেবে ইউএনওডিসির নির্বাহী পরিচালক এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এসব বৈঠকে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আজ ১৫ মার্চ ২০২৬ তারিখ বিকাল ০৪:৫০ টায় ইথিওপিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। সামিট শেষে তিনি আগামী ২০ মার্চ ২০২৬ তারিখ ভোর ০৫:৩৫টায় তার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটে ঢাকায় প্রত্যাবর্তন করবেন।
রিপোর্টারের নাম 






















