জাতীয় সংসদে দেখে দেখে বক্তব্য দেওয়া অনুমোদিত নয় বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি সংসদ সদস্যদের কাগজ না দেখে বক্তব্য দেওয়ার অভ্যাস গড়ে তোলার অনুরোধ করেন। গত রবিবার বেলা ১১টার পর জাতীয় সংসদে জামায়াতের সংসদ সদস্য মাসুদ বিন সাঈদী এবং ইসলামী আন্দোলনের সংসদ সদস্য অলি উল্লাহকে উদ্দেশ্য করে তিনি এ কথা বলেন। এর আগে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে এই দুই সংসদ সদস্য পুরো বক্তব্যই কাগজ দেখে পাঠ করেন।
মাসুদ বিন সাঈদীকে উদ্দেশ্য করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, “বিনয়ের সঙ্গে দৃষ্টি আকর্ষণ করছি। সংসদে দেখে দেখে পড়া অ্যালাউড না। আপনি নোট রাখবেন। একবার তাকিয়ে হাউজের দিকে তাকিয়ে বক্তব্য রাখবেন। এটাই আশা করি, এটাই সংসদের রেওয়াজ।”
অলি উল্লাহকে উদ্দেশ্য করে স্পিকার বলেন, “আপনিও আপনার পূর্ববর্তী বক্তার মতো দেখে দেখে পড়েছেন। সংসদে এটা অ্যালাউড না। সংসদে না দেখে বলার অভ্যাস করেন। এটা সংসদের রেওয়াজ। সকলের মান্য করা উচিত।” সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী, লিখিত বক্তব্য পাঠ করার আগে স্পিকারের পূর্বানুমতি নিতে হয়।
এর আগে পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মাসুদ সাঈদী তার বক্তব্যে বলেন, পিরোজপুরের মানুষ শত প্রতিকূলতা ডিঙিয়ে তাকে নির্বাচিত করে যে আমানত দিয়েছেন, তার সর্বোচ্চ মর্যাদা তিনি আজীবন রক্ষা করবেন। একইসঙ্গে তিনি তার পিতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর আদর্শকে সমুন্নত রেখে এলাকায় উন্নয়ন ও দেশে ইনসাফ কায়েমের অঙ্গীকার ব্যক্ত করেন।
মাসুদ সাঈদী ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদ ও মুগ্ধসহ সব শহীদের স্মরণ করেন। তিনি আরও বলেন, তথাকথিত ক্যাঙ্গারু ট্রাইব্যুনালে মিথ্যাচারের মাধ্যমে নির্মমভাবে হত্যার শিকার হওয়া তার সম্মানিত পিতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীসহ ইসলামী আন্দোলনের অসংখ্য নেতাকর্মীর রক্তস্নাত ত্যাগের বিনিময়ে আজ তারা এই সংসদে কথা বলার সুযোগ পেয়েছেন।
শিক্ষা ও বিচার বিভাগের স্বাধীনতার ওপর জোর দিয়ে মাসুদ সাঈদী বলেন, দেশে ইনসাফ কায়েমে দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করতে হবে। তিনি টিআইবি’র প্রতিবেদনের উল্লেখ করে জানান, গত ১৫ বছরে কেবল সড়ক ও জনপথ বিভাগেই ৫২ হাজার কোটি টাকা পর্যন্ত লুটপাট হয়েছে। তিনি সরকারি সুযোগ-সুবিধা ও শুল্কমুক্ত গাড়ি বর্জনের সংস্কৃতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 






















