দেশে প্রায় ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। রোববার জাতীয় সংসদে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
শিক্ষামন্ত্রী আরও বলেন, এই নিয়োগ প্রক্রিয়ায় শুধু ইসলাম ধর্ম নয়, দেশের সব ধর্মের শিক্ষকই অন্তর্ভুক্ত থাকবেন। এছাড়া, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে নিয়মের আওতায় আনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের এক লিখিত প্রশ্নের উত্তরে এহসানুল হক মিলন জানান, সরকার নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে প্রয়োজনীয়তা বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে এবং বর্তমান সরকার এগুলোর মানোন্নয়নে বদ্ধপরিকর। নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের আগে বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলোর মানোন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে।
আরেক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন ঘোষণা করেন, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য সরকার নতুন করে আবেদন আহ্বান করবে। একই সঙ্গে পূর্বে জমা পড়া আবেদনগুলোও পুনরায় যাচাই-বাছাই করা হবে বলে তিনি জানান।
রিপোর্টারের নাম 






















