‘জুলাই সনদ’ অক্ষরে অক্ষরে পালন করা হবে, তবে তা দেশের প্রচলিত আইন, বিধি-বিধান ও সংবিধানের আওতায়। গণভোটের রায় বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধন অপরিহার্য বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার দুপুর সোয়া ১২টার দিকে জুলাই সনদ নিয়ে বিরোধী দলের নেতা জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সংসদে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি উল্লেখ করেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, এখানে ‘সংস্কার পরিষদ’ নামে কোনো কিছুর অস্তিত্ব নেই। জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়ন করতে হলে প্রথমে সংবিধানে সংশোধনী আনতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, কোনো ‘সংস্কার পরিষদের’ নয়। বর্তমানে সাংবিধানিকভাবে জাতীয় সংসদের অধিবেশনে অংশ নেওয়া হচ্ছে। তিনি বলেন, জুলাই জাতীয় সনদের আওতায় যে পরিষদের কথা বলা হচ্ছে, তার সাংবিধানিক বৈধতা নিয়ে ইতোমধ্যেই আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে এবং এ বিষয়ে রুল জারি রয়েছে। বিষয়টি এখন বিচার বিভাগের বিবেচনাধীন।
সালাহউদ্দিন আহমদ জোর দিয়ে বলেন, সংবিধান অনুযায়ী বর্তমানে এমন কোনো পরিষদের অস্তিত্ব নেই। যদি গণভোটের রায়ের ভিত্তিতে এ ধরনের পরিষদ গঠন করতে হয়, তাহলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে। সংসদে আলোচনা শেষে সংবিধান সংশোধন হলে তবেই সেটি সংবিধানে অন্তর্ভুক্ত হবে এবং পরবর্তীতে প্রয়োজন হলে পরিষদ গঠন ও শপথ গ্রহণের বিষয়টি আসতে পারে।
রিপোর্টারের নাম 






















