জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে, তবে তা দেশের প্রচলিত আইন, বিধি-বিধান এবং সংবিধানের কাঠামোর মধ্যেই হবে। বিরোধী দলের নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানের জুলাই সনদ বিষয়ক বক্তব্যের পরিপ্রেক্ষিতে রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদে এ কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি জোর দিয়ে বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন। এখানে ‘সংস্কার পরিষদ’ নামে কোনো কিছুর সাংবিধানিক অস্তিত্ব নেই। যদি জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়ন করতে হয়, তাহলে তার আগে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, কোনো ‘সংস্কার পরিষদের’ অধিবেশন নয়। বর্তমানে আমরা সাংবিধানিকভাবে জাতীয় সংসদের অধিবেশনে অংশ নিচ্ছি।
তিনি উল্লেখ করেন, জুলাই জাতীয় সনদের আওতায় যে পরিষদের কথা বলা হচ্ছে, তার সাংবিধানিক বৈধতা নিয়ে ইতোমধ্যে আদালতে চ্যালেঞ্জ হয়েছে এবং এ বিষয়ে রুলও জারি রয়েছে। বিষয়টি এখন বিচার বিভাগের বিবেচনাধীন।
সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান অনুযায়ী বর্তমানে এমন কোনো পরিষদের অস্তিত্ব নেই। যদি গণভোটের রায়ের ভিত্তিতে এ ধরনের পরিষদ গঠন করতে হয়, তাহলে প্রথমে সংবিধানে সংশোধনী আনতে হবে। সংসদে আলোচনার পর সংবিধান সংশোধন হলে তবেই সেটি সংবিধানে অন্তর্ভুক্ত হবে এবং পরবর্তীতে প্রয়োজন হলে পরিষদ গঠন ও শপথ গ্রহণের বিষয়টি আসতে পারে।
রিপোর্টারের নাম 




















