ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রোববার (১৫ মার্চ) সকাল ১১টা থেকে আবারও শুরু হচ্ছে। গত বৃহস্পতিবার নতুন সংসদের যাত্রা শুরু হওয়ার পর স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ রবিবার পর্যন্ত সংসদ মুলতবি ঘোষণা করেছিলেন।
আজকের জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রাপ্ত দিনের কার্যসূচি অনুযায়ী, অধিবেশনে বিভিন্ন মন্ত্রণালয় (মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়) সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর পর্ব অনুষ্ঠিত হবে। এছাড়াও জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের (বিধি-৭১) আওতায় প্রাপ্ত নোটিশসমূহ নিষ্পত্তি করা হবে। রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে ধন্যবাদ প্রস্তাব এবং আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনাও কার্যসূচিতে রয়েছে।
এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে বলে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন অনুষ্ঠিত হবে। বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দকরণ ও অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 





















