আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে গণপরিবহনে জ্বালানি তেল নেওয়ার ওপর আরোপিত সীমা প্রত্যাহার করেছে সরকার। শনিবার রাত থেকেই দূরপাল্লার বাসসহ সব গণপরিবহন প্রয়োজন অনুযায়ী জ্বালানি সংগ্রহ করতে পারবে বলে জানিয়েছেন সড়ক, সেতু, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তবে ইরান যুদ্ধের প্রভাবে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেই এই ঈদ উদযাপিত হতে যাচ্ছে, যা ঈদযাত্রায় নানা চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
বিশেষজ্ঞরা বলছেন, ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে, যার প্রভাব পড়েছে জ্বালানি আমদানিনির্ভর বাংলাদেশেও। যুদ্ধ দীর্ঘায়িত হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও, ঈদের সময় ঢাকা থেকে প্রায় দেড় কোটির বেশি মানুষের ঘরমুখী যাত্রা গণপরিবহনে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রীচাপ এবং অতিরিক্ত জ্বালানি তেলের চাহিদা পূরণে শঙ্কা তৈরি করছে।
সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম আশ্বস্ত করেছেন যে, অতীতের যেকোনো সময়ের চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এবার বেশি তৎপর থাকবে। সড়ক, রেল ও নৌপথে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সক্ষমতা নিয়ে কাজ করছে। মন্ত্রী উল্লেখ করেন, মাত্র দুই থেকে তিনদিনের মধ্যে প্রায় এক কোটি ২৫ লাখ থেকে দেড় কোটি মানুষ ঢাকা ছাড়েন, যা বিশ্বের খুব কম শহরেই দেখা যায়। স্বল্প সময়ে এত মানুষের যাতায়াত একটি বড় চ্যালেঞ্জ হলেও সরকার তা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করছে।
শনিবার রাজধানীর বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে মন্ত্রী জানান, পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হচ্ছে, ফলে পরিবহন চলাচলে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা নয়। তিনি বলেন, রোববার থেকে ঈদযাত্রার চাপ বাড়বে, তাই আগেই গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। দূরপাল্লার বাস ও অন্যান্য গণপরিবহনে তেল নেওয়ার সীমা শনিবার রাত থেকেই তুলে নেওয়া হয়েছে, ফলে তারা প্রয়োজন অনুযায়ী জ্বালানি সংগ্রহ করতে পারবে। এছাড়াও, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঈদের আগের সাতদিন ও পরের পাঁচদিন ২৪ ঘণ্টা মহাসড়কের তেলের পাম্প খোলা রাখার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, জ্বালানি সংকটের অজুহাতে কোথাও যেন কোনো প্রকার বিশৃঙ্খলা তৈরি না হয়।
রিপোর্টারের নাম 






















