দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর দেশের মানুষ একটি বাস্তব পরিবর্তনের সুযোগ পেয়েছে উল্লেখ করে খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, একটি নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছে। এখন দেশের মানুষের একটাই প্রত্যাশা— তারা আর কোনো অন্যায় দেখতে চায় না; তারা চায় একটি সুশাসিত ও সুন্দর বাংলাদেশ।
শনিবার কুমিল্লা নগরীর টুলিপাড়া ফান টাউনে মানবকল্যাণে নিবেদিত সংগঠন ‘বিবেক’-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি নিয়োগ ও দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করছেন। তিনি সবসময় একটি বিষয়েই গুরুত্ব দেন আর তা হলো সততা। কারণ বাংলাদেশের ১৮ কোটি মানুষ সৎ নেতৃত্ব প্রত্যাশা করে।
তিনি আরও বলেন, দেশ পরিচালনা হোক বা কোনো অঞ্চলের প্রশাসনিক দায়িত্ব—সব ক্ষেত্রেই সৎ, দক্ষ ও দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব অপরিহার্য। ভৌগোলিক, অর্থনৈতিক, শিক্ষা ও যোগাযোগের দিক থেকে কুমিল্লা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা। ঢাকা ও চট্টগ্রামের পরেই এর অবস্থান। তাই কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করতে দক্ষ প্রশাসক এবং ভবিষ্যতে একজন যোগ্য মেয়রের প্রয়োজন।
নবনিযুক্ত কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু সম্পর্কে মন্ত্রী বলেন, তাঁর মতো একজন মানুষ কুমিল্লায় জন্মগ্রহণ করেছেন—এটি আমাদের জন্য গর্বের বিষয়। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা, কুমিল্লায় যেন এমন সৎ, মেধাবী ও মানবিক মানুষের আরও জন্ম হয়।
করোনাভাইরাস মহামারির কঠিন সময়ে ইউসুফ মোল্লা টিপু ও তাঁর প্রতিষ্ঠিত সংগঠন ‘বিবেক’-এর মানবিক ভূমিকার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সেই দুর্যোগময় সময়ে যখন অনেকেই মানুষের পাশে দাঁড়াতে ভয় পেয়েছিল, তখন টিপু ও তাঁর সংগঠন মানুষের পাশে দাঁড়িয়েছিল। জীবন ঝুঁকির মধ্যেও তারা মানবসেবা করেছে। টিপু ও তাঁর সংগঠনের সদস্যরা ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়িয়ে জানাজা, দাফন-সৎকারসহ নানা মানবিক দায়িত্ব পালন করেছেন।
অনুষ্ঠানে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য মো. জসিম উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিরা, সাংবাদিক এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 






















