উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আগামীকাল রোববার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। তার ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল শনিবার এই তথ্য নিশ্চিত করে জানান, বেলা ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে সিঙ্গাপুর পাঠানো হবে। এ সময় মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং তাদের জ্যেষ্ঠ সন্তান মির্জা ইয়াসির আব্বাস তার সঙ্গে থাকবেন।
এর আগে, শুক্রবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। শনিবার তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়, যার প্রতিবেদন সন্তোষজনক বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।
গত বৃহস্পতিবার ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। অবস্থার অবনতি ঘটলে ওই রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক সিটি স্ক্যান রিপোর্টে তার মস্তিষ্কের অবস্থার অবনতি বোঝা গেলে দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। শুক্রবার দুই দফায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়।
অস্ত্রোপচারের পর মির্জা আব্বাস বর্তমানে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের তত্ত্বাবধানে ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়মিত এই জ্যেষ্ঠ নেতার শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন। শুক্রবার দুপুরে তিনি এভারকেয়ার হাসপাতালে যান। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিরোধী দলের নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ অনেক জাতীয় নেতা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা জানতে এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন।
রিপোর্টারের নাম 






















