নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বর্তমান সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার জনগণের কাছে দেওয়া অঙ্গীকার পূরণে সচেষ্ট রয়েছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
আজ এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী ভাতার চেক তুলে দিয়েছেন। প্রতিমন্ত্রী নুর উল্লেখ করেন, সরকার পর্যায়ক্রমে তার সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। তিনি স্মরণ করিয়ে দেন, গত জুলাইয়ের গণঅভ্যুত্থানে রামপুরা এলাকা অন্যতম প্রধান প্রতিরোধ কেন্দ্র ছিল, যেখানে সর্বস্তরের মানুষ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখে। সেই আন্দোলনে ছাত্র-জনতা জয়ী হয়ে ফ্যাসিবাদী আওয়ামী লীগকে দেশ ছাড়তে বাধ্য করে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে যেন দেশে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে রাজনীতিবিদদের সতর্ক থাকতে হবে। ক্ষমতা পেলে যেন জনগণের ওপর কোনো জুলুম না করা হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। প্রধানমন্ত্রী কেবিনেটের প্রথম দিন থেকেই পাঁচ বছর দেশ পরিচালনার গুরুত্ব স্মরণ করিয়ে দিচ্ছেন।
গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর এই সরকার ক্ষমতায় এসেছে এবং আমরা চাই, এই সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে। তিনি আরও জানান, গণঅধিকার পরিষদ ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে সোচ্চার ভূমিকা পালন করেছিল এবং আগামীতে সংগঠনকে আরও শক্তিশালী করতে কাজ করা হচ্ছে।
গণঅধিকার পরিষদ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সহ-সভাপতি রাকিবুল হাসানের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, উচ্চতর পরিষদের সদস্য অ্যাডভোকেট সরকার নুরে এরশাদ সিদ্দিকী, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সহ-সভাপতি আলমগীর অপূর্ব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান, ফারজানা কিবরিয়া, আব্দুল্লাহ মাহমুদ বিপ্লব, সাংগঠনিক সম্পাদক সবুজ, যুব অধিকার পরিষদ মহানগর উত্তরের সাধারণ সম্পাদক হোসেন নুর, ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি আবির ইসলাম সবুজসহ আরও অনেকে।
রিপোর্টারের নাম 
























