প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের আবহমানকালের ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর জোর দিয়ে বলেছেন, ‘আমরা আজ সব ধর্মের মানুষ একসঙ্গে বসেছি, এক কাতারে রয়েছি। কেউ যেন আমাদের মধ্যে বিভেদ বা বিরোধ সৃষ্টি করতে না পারে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, বিশ্বাসী, অবিশ্বাসী কিংবা সংশয়বাদী—আমরা সবাই মিলে ভালো থাকব।’
শনিবার বেলা সোয়া ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। দেশের বিভিন্ন উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, যেমন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম, মন্দিরের পুরোহিত ও সেবায়েত, বৌদ্ধবিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ, গির্জার যাজক ও পালকসহ অন্যান্য ধর্মীয় গুরুদের সম্মানী প্রদানের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বগুড়ার বায়তুল রহমান সেন্ট্রাল মসজিদের ইমাম হোসাইন আহমেদ আবদুল্লাহর হাতে সম্মানীর চেক হস্তান্তরের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর আইবাস সিস্টেমে ‘সেন্ট বাটন’ চাপার মাধ্যমে সম্মানীর টাকা নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়, যা ডিজিটাল পদ্ধতিতে আর্থিক লেনদেনের একটি উদাহরণ।
প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেন, ‘আজ থেকে খতিব, ইমাম, মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মীয় গুরুদের জন্য আর্থিক সহায়তা কর্মসূচি চালু হলো।’ তিনি নিশ্চিত করেন যে, সারা দেশে যাদের প্রয়োজন, তাদের প্রত্যেককে পর্যায়ক্রমিকভাবে এই সহায়তা দেওয়া হবে। সরকার ধর্ম-বর্ণনির্বিশেষে প্রতিটি শ্রেণি-পেশার মানুষ তথা প্রতিটি নাগরিকের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে চেষ্টা করবে।
রিপোর্টারের নাম 
























