বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই খাতগুলোকে আরও আধুনিক, নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তুলতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি আরও বলেন, দেশের অগ্রযাত্রায় নারীদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শনিবার রাজধানীর অল কমিউনিটি ক্লাব মিলনায়তনে এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম (এটিজেএফবি) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী এটিজেএফবি কর্তৃক নারীদের স্বীকৃতি দেওয়ার উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন। তিনি জানান, বাংলাদেশের বিমান, পর্যটন ও আতিথেয়তা খাতে নারীরা আজ পাইলট, এয়ার ট্রাফিক কন্ট্রোলার, এভিয়েশন ইঞ্জিনিয়ার, কেবিন ক্রু, বিমানবন্দর ব্যবস্থাপক, হোটেল ম্যানেজার ও পর্যটন উদ্যোক্তা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, আজ যারা সম্মাননা পাচ্ছেন, তাদের সাফল্য আগামী প্রজন্মকে এই খাতে আসতে অনুপ্রাণিত করবে। সরকার নারীর ক্ষমতায়ন ও দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং এভিয়েশন ও পর্যটন সাংবাদিকরাও এই খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ জাতির সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এই বছর এভিয়েশন ও ট্যুরিজম খাতে অসামান্য অবদানের জন্য এটিজেএফবি অ্যাভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড লাভ করেছেন ১০ জন নারী। প্রতিমন্ত্রী নিজে বিজয়ীদের হাতে এই সম্মাননা তুলে দেন।
রিপোর্টারের নাম 
























