বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম জানিয়েছেন, বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলো পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, পাট আমাদের জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ, যা বর্তমানে কিছুটা পিছিয়ে পড়েছে। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে পাটপণ্যের বহুমুখীকরণের মাধ্যমে এই খাতকে পুনরুজ্জীবিত করে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
শনিবার পিরোজপুরে ‘টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট’ প্রকল্পের অগ্রগতি পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই পাট ও পাটের বীজের উৎপাদন বৃদ্ধি এবং বন্ধ কলকারখানাগুলো সচল করার জন্য কার্যকর পরিকল্পনা গ্রহণ করেছে, যা দ্রুতই দৃশ্যমান হবে।
পরিবেশ রক্ষায় পাটের গুরুত্ব তুলে ধরে শরীফুল আলম আরও বলেন, প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় পাটের তৈরি পণ্যের ব্যবহার বাড়াতে জনমত গড়ে তোলা হবে। সরকারি অফিসগুলোতেও নিত্যপণ্য হিসেবে পাটজাত পণ্যের ব্যবহার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























