রাজধানীর হাতিরঝিল এলাকায় ঝড়-বৃষ্টির মধ্যে নির্মাণাধীন একটি ভবন থেকে ইট পড়ে রাশেদা বেগম (৩৫) নামে এক পথচারী নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সোয়া ৮টার দিকে মধুবাগ ৩ নম্বর গলিতে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত রাশেদা গাইবান্ধা সদর উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন গৃহকর্মী ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কাজ শেষে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন রাশেদা। পথে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে তিনি একটি নির্মাণাধীন ভবনের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় ওই ভবনের দেয়াল থেকে ইটের একটি অংশ খসে তার মাথায় পড়লে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাশেদা তিন মেয়ে ও দুই ছেলের জননী ছিলেন। পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
রিপোর্টারের নাম 
























