রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড সবকিছু পর্যালোচনা করে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী বিকেল ৪টার কিছু সময় আগে তাঁর অপারেশন সফলভাবে শেষ হয়েছে।
এর আগে সকালে তাঁর সিটি স্ক্যান করা হয়েছিল। সেই রিপোর্টে অবস্থার অবনতি পরিলক্ষিত হলে দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং সকল দিক বিবেচনা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত গ্রহণ করে। এই প্রক্রিয়ায় পরিবারের সদস্যদের সম্মতিও নেওয়া হয়েছে। ডা. রফিক আরও জানান, মেডিকেল বোর্ডে দেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞরা রয়েছেন।
বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, সৈয়দ অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ, অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা অন্তর্ভুক্ত ছিলেন।
জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে আসেন এবং মেডিকেল বোর্ডের পক্ষ থেকে তাঁকে বিস্তারিতভাবে অবহিত করা হয়।
রিপোর্টারের নাম 
























