গুরুতর অসুস্থ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে একটি বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড। শুক্রবার (১৩ মার্চ) বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ড মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে। দুপুর ৩টা ১০ মিনিটে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। এর আগে সকালে তার সিটি স্ক্যান রিপোর্টে অবস্থার অবনতি ধরা পড়লে দ্রুত একটি ভার্চুয়াল মেডিক্যাল বোর্ড বসে এবং পরিবারের সদস্যদের সম্মতিক্রমে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।
মেডিক্যাল বোর্ডে দেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞরা রয়েছেন বলে জানা গেছে। তারা হলেন অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, সৈয়দ অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ, অধ্যাপক শফিকুল ইসলাম এবং এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা। জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমানও হাসপাতালে এসে মেডিক্যাল বোর্ডের কাছ থেকে বিস্তারিত জেনেছেন। মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ডা. রফিক। গত বুধবার ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
রিপোর্টারের নাম 
























