রাজধানীর খিলক্ষেত এলাকায় একটি বহুতল ভবনের নিচতলায় অবস্থিত একটি হোটেলে এসি মেরামতের সময় বিদ্যুতের শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে চারজন কর্মচারী দগ্ধ হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) ভোরে খিলক্ষেত ওভারব্রিজ সংলগ্ন একটি ১৪ তলা ভবনের নিচতলায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
দগ্ধ চারজন হলেন— মোহাম্মদ মনসুর আলী (৩২), মো. আব্দুল মতিন (৬৭), মোহাম্মদ মাহি (১৭) এবং মো. আব্দুল জলিল (৬৭)। তারা সকলেই ওই হোটেলের কর্মচারী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সহকর্মীদের ভাষ্যমতে, সকালে হোটেলের নিচতলায় এসি মেরামতের কাজ চলছিল। এ সময় হঠাৎ শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং সেখানে কর্মরত চারজন কর্মচারী অগ্নিদগ্ধ হন। তাৎক্ষণিকভাবে অন্য সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যান।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. ইমরান জানান, আগুন লাগার পরপরই তারা চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে দগ্ধ চারজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে মনসুর আলীর শরীরের প্রায় ২১ শতাংশ, আব্দুল মতিনের ৫ শতাংশ, মাহির ৫ শতাংশ এবং আব্দুল জলিলের ৭ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকি তিনজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
রিপোর্টারের নাম 
























