তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, যেকোনো ধরনের ব্যবসায়িক উদ্যোগকে সুরক্ষা দেওয়া সরকারের অন্যতম দায়িত্ব।
বৃহস্পতিবার (১২ মার্চ) কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) আয়োজিত এক ইফতার মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী উল্লেখ করেন যে, প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে ইন্টারনেটভিত্তিক সমাজ ও অনলাইন প্ল্যাটফর্মগুলো কেবল টিভি ব্যবসাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
মন্ত্রী বলেন, প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকার যদি একটি শক্তিশালী কাঠামো তৈরি করতে পারে, তবে ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব। এ লক্ষ্যে, তিনি বিশেষজ্ঞদের মাধ্যমে কেবল টিভি ব্যবসার প্রযুক্তিগত বিষয়গুলো উপস্থাপনের জন্য কোয়াবের নেতৃবৃন্দকে অনুরোধ জানান।
জহির উদ্দিন স্বপন আরও বলেন, তথ্যমন্ত্রী হিসেবে তার দায়িত্ব হবে এই শিল্প খাতের সংশ্লিষ্ট পক্ষগুলোর সমস্যা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বোঝা এবং সে অনুযায়ী সমাধানের চেষ্টা করা। তিনি কেবল অপারেটরদের বিভিন্ন সমস্যার সমাধানে ভবিষ্যতেও কোয়াবের সঙ্গে নিয়মিত মতবিনিময় করার আশ্বাস দেন।
অনুষ্ঠানে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, কোয়াবের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 























