ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় এই অধিবেশন শুরু হয়।
এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ হোসেনের সভাপতিত্বে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।
স্পিকার পদে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নাম প্রস্তাব করেন সরকারপ্রধান তারেক রহমান। পরবর্তীতে বিএনপি থেকে মির্জা ফখরুল ইসলাম চৌধুরী এবং বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে আব্দুল্লাহ মো. তাহের এই মনোনয়নে সমর্থন জানান।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত হয়। এর প্রায় দেড় বছর পর গত ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ আসন লাভ করে সরকার গঠন করেছে। অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট ৭৭টি আসন পেয়ে প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করছে। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না পাওয়ায় এবার সংসদে দলটির কোনো প্রতিনিধি নেই।
দেশের সংবিধান অনুযায়ী, জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণার পরবর্তী ৩০ দিনের মধ্যে সংসদ অধিবেশন আহ্বান করা আবশ্যক। সেই নিয়ম মেনেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন।
রিপোর্টারের নাম 






















