জাতীয় সংসদ অধিবেশনের দর্শক সারিতে সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, সেনাপ্রধান ওয়াকার–উজ–জামান, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবায়দা রহমান এবং কন্যা জাইমা রহমানসহ নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানেরা উপস্থিত রয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বর্তমানে চলছে। বৃহস্পতিবার বেলা ১১টায় শুরু হওয়া এই অধিবেশনে সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই নির্বাচনে স্পিকার হিসেবে মেজর হাফিজ (অব.) বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত হয়েছেন।
অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রেখেছেন। এতে সরকারদলীয় ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা উপস্থিত রয়েছেন। সকাল থেকেই সংসদ ভবন প্রাঙ্গণে তাদের প্রবেশ করতে দেখা গেছে।
প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত রয়েছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এর পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে। দেড় বছর পর গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন ১৩ ফেব্রুয়ারি রাতে নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করে এবং ১৭ ফেব্রুয়ারি নতুন সংসদ সদস্যরা শপথ নেন। সংবিধান অনুযায়ী, সাধারণ নির্বাচনের ফল ঘোষিত হওয়ার ৩০ দিনের মধ্যে সংসদের বৈঠক আহ্বান করা বাধ্যতামূলক। নির্বাচনের ফলাফল ঘোষণার এক মাসের মাথায় আজ এই প্রথম অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে।
রিপোর্টারের নাম 






















