দীর্ঘ প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। তবে অধিবেশন শুরুর আগেই সরকারি ও বিরোধী দলের মধ্যে তীব্র উত্তাপ ছড়িয়ে পড়েছে, যা প্রথম দিনের বৈঠকেই বিরোধী দলের ওয়াক আউটের আশঙ্কা তৈরি করেছে।
ক্ষমতাসীন বিএনপি ও তাদের মিত্র সংসদ সদস্যদের ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ না নেওয়াকে কেন্দ্র করে বিরোধ তীব্র আকার ধারণ করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ওই পরিষদের শপথ-সংক্রান্ত চিঠি এবং ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ’ নিয়ে উচ্চ আদালতের জারি করা রুল। পাশাপাশি, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়েও সরকার ও বিরোধী দলের মধ্যে মতবিরোধ ক্রমশ বাড়ছে।
রাজনৈতিক টানাপোড়েনের নতুন মাত্রা যোগ করেছে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়টি। এছাড়া সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সংসদে ভাষণ দেওয়া নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছে। শোনা যাচ্ছে, বিরোধী দল অধিবেশনে যোগ দিলেও রাষ্ট্রপতির ভাষণের সময় অধিবেশন বর্জন করতে পারে। যদিও এ বিষয়ে বিরোধী দলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে আজ তারা দলীয় অবস্থান স্পষ্ট করবে বলে জানা গেছে।
দীর্ঘ দেড় দশকের একতরফা সংসদের অবসান ঘটিয়ে নতুন এই সংসদের যাত্রা শুরু হচ্ছে। এবার সরকারি দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকলেও বিরোধী দল তুলনামূলকভাবে বেশ শক্তিশালী। বিরোধী দলের পক্ষ থেকে ইতোমধ্যে সরকারকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তারা জানিয়েছে, অতীতের মতো সংসদ বর্জনের সংস্কৃতি থেকে তারা বেরিয়ে আসবে এবং সংসদে সরকারের গঠনমূলক সমালোচনা করে ভুল ধরিয়ে দেবে ও সংশোধনের পরামর্শ দেবে।
সরকারি দলের চিফ হুইফ নুরুল ইসলাম জানিয়েছেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা, আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটাতে সংসদের নতুন অধিবেশন শুরু হতে যাচ্ছে। তিনি বলেন, ‘আমরা সংসদকে একটি কার্যকর ও অর্থবহ প্রতিষ্ঠানে পরিণত করতে চাই। আমরা বিশ্বাস করি, পারস্পরিক শ্রদ্ধা, সংলাপ ও ঐকমত্যের ভিত্তিতে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সমাধান সম্ভব এবং সেই পথ ধরেই আমরা জাতিকে আরও শক্তিশালী ও স্বাবলম্বী ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে পারব।’
অপরদিকে, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান দেশ ও জাতির কল্যাণে সরকারের পদক্ষেপে সমর্থন-সহযোগিতা করার কথা উল্লেখ করে বলেছেন, ‘সরকার ভুল করলে আমরা সংশোধনের সুযোগ ও পরামর্শ দেব। এতে কাজ না হলে প্রতিবাদ করব।’
রিপোর্টারের নাম 






















