পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে পরপর তিনটি কার্গো জাহাজে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত বস্তুর আঘাতে জাহাজগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর মধ্যে একটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের কারণে জাহাজটির অধিকাংশ নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
বুধবার (১১ মার্চ) ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়। যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক সংস্থা ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (ইউকেএমটিও) নিশ্চিত করেছে যে, বুধবার হরমুজ প্রণালিতে অজ্ঞাত বস্তুর আঘাতে তিনটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটিতে আগুন ধরে যায়।
দুটি সামুদ্রিক নিরাপত্তা সূত্র জানিয়েছে, থাইল্যান্ডের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘মায়ুরি নারি’ ওমানের ১১ নটিক্যাল মাইল উত্তরে হামলার শিকার হয় এবং এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে ইউকেএমটিও জানায়, ক্ষতিগ্রস্ত জাহাজটির আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং এতে পরিবেশগত কোনো বড় ধরনের বিপর্যয় ঘটেনি। বর্তমানে প্রয়োজনীয় সংখ্যক নাবিক জাহাজটিতে অবস্থান করছেন।
এর আগে, আরও দুটি সামুদ্রিক নিরাপত্তা সূত্র জানায়, জাপানের পতাকাবাহী কন্টেইনার জাহাজ ‘ওয়ান ম্যাজেস্টি’ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহর ২৫ নটিক্যাল মাইল (৪৬ কিলোমিটার) উত্তর-পশ্চিমে অজ্ঞাত বস্তুর আঘাতে সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জাহাজটির নাবিকরা সবাই নিরাপদ আছেন এবং জাহাজটি একটি নিরাপদ নোঙরস্থানের দিকে এগিয়ে যাচ্ছে।
সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলোর তথ্যানুযায়ী, দুবাইয়ের প্রায় ৫০ মাইল উত্তর-পশ্চিমে তৃতীয় আরেকটি বাল্ক ক্যারিয়ার জাহাজেও অজ্ঞাত বস্তু আঘাত হেনেছে। মেরিটাইম ঝুঁকি ব্যবস্থাপনা কোম্পানি ভ্যানগার্ড নিশ্চিত করেছে, মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী জাহাজ ‘স্টার গুইনেথ’ এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এর নাবিকরা সবাই নিরাপদে আছেন।
রিপোর্টারের নাম 
























