ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে সংস্থাটি। এ বিষয়ে সর্বসাধারণকে সতর্ক থাকার এবং প্রতারক চক্রের থেকে সাবধান থাকার আহ্বান জানানো হয়েছে।
রোববার (৮ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেন।
তিনি জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে শিক্ষক নিয়োগ ২০২৬’ শিরোনামে একটি নিয়োগ বিজ্ঞপ্তি ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। এই বিষয়টি ফাউন্ডেশন কর্তৃপক্ষের নজরে এসেছে।
নিজাম উদ্দিন দৃঢ়ভাবে জানান, প্রচারিত এই বিজ্ঞপ্তিটির সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। ফাউন্ডেশনের পক্ষ থেকে যেকোনো নিয়োগ বিজ্ঞপ্তি শুধুমাত্র তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমেই প্রকাশ করা হয়।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে এক শ্রেণির প্রতারক চক্র চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করার চেষ্টা করছে। ইসলামিক ফাউন্ডেশন সর্বসাধারণকে এই বিষয়ে অত্যন্ত সতর্ক থাকার এবং প্রতারক চক্রের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে।
রিপোর্টারের নাম 
























