দেশে জ্বালানি তেল বিপণনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে ফিলিং স্টেশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং শৃঙ্খলা বজায় রাখতে পুলিশি টহল জোরদারের আহ্বান জানানো হয়েছে।
রোববার পাঠানো এক চিঠিতে বিপিসির চেয়ারম্যান মো. রেজানুর রহমান উল্লেখ করেন, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি নিয়ে প্রচারিত নেতিবাচক তথ্যের কারণে ভোক্তাদের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত তেল কেনার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এর ফলে ফিলিং স্টেশন ডিলাররাও ডিপো থেকে স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণে জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা করছেন।
চিঠিতে আরও জানানো হয়, কিছু ভোক্তা প্রয়োজনের অতিরিক্ত তেল কিনে অননুমোদিতভাবে মজুদ করার চেষ্টা করছেন—এমন খবরও পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে বিপিসি ফিলিং স্টেশন থেকে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেল সরবরাহ সীমিত করার নির্দেশনা দিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে।
এছাড়াও, বর্তমান সংকটকালীন সময়ে দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের ক্রেতাদের সঙ্গে কর্মচারীদের মধ্যে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে। এই প্রেক্ষাপটে ফিলিং স্টেশনগুলোতে ক্রেতা-বিক্রেতার নিরাপত্তা নিশ্চিত করতে এবং শৃঙ্খলা বজায় রাখতে পুলিশি টহল আরও জোরদার করা অত্যন্ত জরুরি বলে মনে করছে বিপিসি।
রিপোর্টারের নাম 
























