রেকর্ড ষষ্ঠবারের মতো ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়ার অপেক্ষায় থাকা ক্রিশ্চিয়ানো রোনালদোর চোট নিয়ে বড় দুঃসংবাদ এসেছে। প্রাথমিকভাবে যেমনটা ভাবা হয়েছিল, সিআর সেভেনের হ্যামস্ট্রিং ইনজুরি তার চেয়েও অনেক বেশি গুরুতর। এই খবরে পর্তুগাল জাতীয় দল এবং তার ক্লাব আল নাসর শিবিরে এখন দুশ্চিন্তার কালো মেঘ। প্রিয় তারকার শারীরিক অবস্থা নিয়ে কপালে ভাঁজ পড়েছে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি ভক্তের।
সম্প্রতি সৌদি প্রো লিগে আল ফায়হার বিপক্ষে ম্যাচে ৩-১ গোলের জয় পায় আল নাসর। তবে সেই ম্যাচেই পেশির চোটে পড়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায় ৪১ বছর বয়সী এই মহাতারকাকে। উন্নত চিকিৎসার লক্ষ্যে তিনি বর্তমানে সৌদি আরব ছেড়ে স্পেনের মাদ্রিদে অবস্থান করছেন। তবে মাঠের লড়াইয়ে তিনি কবে ফিরতে পারবেন, সে বিষয়ে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো দিনক্ষণ নিশ্চিত করা হয়নি।
রোনালদোর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন আল নাসর কোচ জর্জে জেসুস। তিনি জানান, পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গেছে চোটটি বেশ গভীর। জেসুসের ভাষ্যমতে, “ক্রিশ্চিয়ানো পেশির সমস্যা নিয়ে মাঠ ছেড়েছিল। আমরা যতটা হালকা ভেবেছিলাম, পরীক্ষার পর দেখা গেল ইনজুরি তার চেয়েও বেশি গুরুতর। তাকে পর্যাপ্ত বিশ্রামের পাশাপাশি নিবিড় চিকিৎসা নিতে হবে। অন্য খেলোয়াড়রা ইনজুরিতে পড়লে যেভাবে পুনর্বাসন প্রক্রিয়া অনুসরণ করে, ক্রিশ্চিয়ানোও চিকিৎসার জন্য এখন স্পেনে অবস্থান করছে।”
ক্যারিয়ারের সায়াহ্নে এসেও দুর্দান্ত ফর্মে থাকা রোনালদোর এমন আকস্মিক ইনজুরি পর্তুগালের বিশ্বকাপ পরিকল্পনায় বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এখন দেখার বিষয়, সব শঙ্কা কাটিয়ে ফুটবল বিশ্বের এই জীবন্ত কিংবদন্তি কত দ্রুত সবুজ গালিচায় ফিরে আসতে পারেন।
রিপোর্টারের নাম 

























