টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার চার দিন পরও কলকাতায় আটকা পড়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিমান চলাচল ব্যাহত হওয়ায় নিজ দেশে ফিরতে পারছেন না ক্যারিবিয়ান ক্রিকেটাররা। এমন পরিস্থিতিতে দলের প্রধান কোচ ড্যারেন স্যামি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তীব্র হতাশা প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘আমি শুধু বাড়ি ফিরতে চাই।’
ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে আকাশপথের অনেক রুট বন্ধ হয়ে গেছে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের পাশাপাশি দুবাই বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোও প্রভাবিত হওয়ায় আন্তর্জাতিক বিমান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এর ফলে ভারতে আটকে পড়া দলগুলোর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ অন্যতম।
ক্রিকইনফো জানিয়েছে, শুরুতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ক্যারিবিয়ানদের লন্ডন হয়ে নিজ অঞ্চলে পাঠানোর পরিকল্পনা করেছিল। এ জন্য একটি চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করার চেষ্টা চলছিল। সপ্তাহের মাঝামাঝি সময়ে ভারতের মাটি ছাড়ার কথা থাকলেও নির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি। ফলে গত ১ মার্চ সুপার এইটের শেষ ম্যাচে ভারতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া দলটি এখনও কলকাতাতেই অবস্থান করছে।
এমন পরিস্থিতিতে দলগুলোকে দেশে ফেরানোর ব্যবস্থা করতে আইসিসিকে বড় ধরনের লজিস্টিক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। তবে একই ধরনের সমস্যার সম্মুখীন হওয়া জিম্বাবুয়ে দল কিছুটা স্বস্তির খবর পেয়েছে। আইসিসি তাদের ভ্রমণ পরিকল্পনা নতুন করে সাজানোর পর দলের প্রথম দফার খেলোয়াড়রা দিল্লি থেকে নিজ দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
জিম্বাবুয়েও তাদের শেষ ম্যাচ খেলেছে গত ১ মার্চ, দিল্লিতে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে টুর্নামেন্ট শেষ করে তারা। মূল সূচি অনুযায়ী ২ মার্চ জিম্বাবুয়ের দেশে ফেরার কথা থাকলেও সেই পরিকল্পনা বাতিল করা হয়। তবে দলের বাকি সদস্যদের ভ্রমণ পরিকল্পনা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
রিপোর্টারের নাম 

























