সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি আরও জোরদার করার কড়া নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি খাস জমি, চরাঞ্চল, নদীর দুই পাড়ে, সড়ক-মহাসড়কের দুই ধারে, বনাঞ্চলের বৃক্ষশূন্য স্থান এবং সরকারি প্রতিষ্ঠানের আঙ্গিনায় ব্যাপক হারে বৃক্ষরোপণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ সংক্রান্ত সেলের এক পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। এ সময় তিনি সেলের কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবহিত হন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে হবে। প্রতিটি শিক্ষার্থী একটি করে বৃক্ষরোপণ করবে এবং সেই বৃক্ষের পরিচর্যার দায়িত্বও তাদেরই নিতে হবে।” তিনি সরকারি নার্সারির পাশাপাশি বিভিন্ন বেসরকারি নার্সারি থেকেও পর্যাপ্ত চারা সংগ্রহ করার নির্দেশ দেন।
সভায় বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মতালেব সাজ্জাদ মাহমুদ। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুম্মন জানান, প্রধানমন্ত্রী দেশের শান্তি, নিরাপত্তা ও জনগণের স্বার্থে জনসেবামূলক কাজ অব্যাহত রাখতে মহাপরিচালককে নির্দেশনা প্রদান করেন।
রিপোর্টারের নাম 



















