জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সম্পূরক বৃত্তি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ছাত্র অধিকার পরিষদ। উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক যুক্তরাষ্ট্র সফরের আগে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না দিলে শিক্ষার্থীরা তাকে কোথাও যেতে দেবে না বলেও আল্টিমেটাম দিয়েছে সংগঠনটি।
বুধবার (৪ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনের নিচে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জবি শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব।
রাকিব বলেন, “উপাচার্য মহোদয় ছুটিতে যুক্তরাষ্ট্র যাওয়ার আগে অবশ্যই সম্পূরক বৃত্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হবে। অন্যথায় শিক্ষার্থীরা তাকে কোথাও যেতে দেবে না। আমাদের দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
তিনি স্মরণ করিয়ে দেন, ২০১৮ সালে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ শুরু হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। আন্দোলনের মুখে পরবর্তীতে কাজটি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। দ্বিতীয় ক্যাম্পাস ও দুটি আবাসিক হলের কাজ শেষ না হওয়া পর্যন্ত ৭০ শতাংশ আবাসন ভাতা প্রদানের দাবিতে শিক্ষার্থীরা ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করেছিল। ওই সময় সরকারের পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাস দেওয়া হলে তারা একাডেমিক কার্যক্রমে ফিরে যান।
রাকিবের অভিযোগ, বর্তমানে বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূরক বৃত্তি বাস্তবায়নে গড়িমসি করছে এবং জকসুর প্রতিনিধিদের মাধ্যমে শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার একসঙ্গে পুরো অর্থ দিতে পারবে না; দুই বা তিন কিস্তিতে দেওয়া হবে।
তবে তিনি জোর দিয়ে বলেন, সরকারের সঙ্গে আলোচনায় সিদ্ধান্ত হয়েছিল যে, সম্পূরক বৃত্তি বিশ্ববিদ্যালয়ের বাজেটের সঙ্গে অন্তর্ভুক্ত করা হবে এবং আবাসন সংকট নিরসন না হওয়া পর্যন্ত তা চালু থাকবে। কিন্তু এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও সুস্পষ্ট ঘোষণা দেওয়া হয়নি।
সংবাদ সম্মেলনে জবি শাখা ছাত্র অধিকারের যুগ্ম সাধারণ সম্পাদক সোহান প্রামানিক, জকসুর ছাত্রদল সমর্থিত পরিবহন সম্পাদক মাহিদ হোসেন, পাঠাগার ও সেমিনার সম্পাদক রিয়সাল রাকিব এবং কার্যনির্বাহী সদস্য সাদমান সাম্য উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 



















