ঢাকা: পুরান ঢাকার ওয়ারীর স্বামীবাগ এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পরিদর্শক সিদ্দিকুর রহমানকে গুলি করার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে তিনটি পিস্তল, ২৩ রাউন্ড গুলি, ৫ রাউন্ড গুলির খোসা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন সৈয়দ জিসান আহমেদ, সৈয়দ হাসিবুল হাসান ওরফে পিয়াস, ওমর ফারুক সায়েম এবং সোলায়মান হোসেন চৌধুরী।
ডিসি মল্লিক আহসান উদ্দিন সামী জানান, গত ২ মার্চ দুপুর ১২টা ৫ মিনিটে ওয়ারী থানার স্বামীবাগের সায়েদাবাদ রেলগেট এলাকায় ডিএনসির একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান চালাচ্ছিল। অভিযানের একপর্যায়ে অজ্ঞাতনামা তিন থেকে চারজন দুষ্কৃতকারী পরিদর্শক সিদ্দিকুর রহমানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার পায়ে গুলি লাগে এবং হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার খবর পেয়ে ওয়ারী থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে দুষ্কৃতকারীদের সম্ভাব্য পলায়নপথে ধাওয়া করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা চার রাউন্ড গুলিভর্তি একটি .৩২ বোর রিভলবার এবং ঘটনার ব্যবহৃত ৫ রাউন্ড গুলির খোসা ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী একটি ৯ এমএম পিস্তল, দুটি ম্যাগজিন ও ১৬ রাউন্ড গুলি জব্দ করা হয়। একই সূত্র ধরে পৃথক অভিযানে আরও একজনকে গ্রেপ্তার করা হয় এবং তার হেফাজত থেকে একটি ৭.৬৫ এমএম পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এই পুলিশ কর্মকর্তা আরও জানান, জব্দকৃত অস্ত্র সংক্রান্তে ওয়ারী থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং আরও একটি মামলা প্রক্রিয়াধীন। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকেও হামলার ঘটনায় ওয়ারী থানায় একটি মামলা করা হয়েছে।
রিপোর্টারের নাম 






















