ঢাকা: মধ্যপ্রাচ্যে উদ্ভূত বিশেষ পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের মধ্যপ্রাচ্যগামী ছয়টি রুটের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে। বুধবার (৪ মার্চ) বিমান বাংলাদেশের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে যাত্রীদের জন্য বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে আবুধাবি, শারজাহ, দুবাই, দোহা, কুয়েত এবং দাম্মাম রুটে বিমানের সব ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ছয়টি রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ থাকবে। তবে, একইসাথে জেদ্দা, মদিনা, রিয়াদ ও মাস্কাট রুটের ফ্লাইটগুলো যথারীতি পরিচালিত হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
যেসব যাত্রী স্থগিত হওয়া রুটগুলোর জন্য টিকিট সংগ্রহ করেছেন, তারা কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই টিকিটের পুরো অর্থ ফেরত নিতে পারবেন অথবা বিনামূল্যে যাত্রার তারিখ পরিবর্তন করতে পারবেন। এই সুবিধাগুলো দেশের ও বিদেশের যেকোনো বিমান সেলস সেন্টার কিংবা টিকিট প্রদানকারী ট্রাভেল এজেন্সি থেকে গ্রহণ করা যাবে।
ফ্লাইট সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য যাত্রীদের বিমান কলসেন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে। অভ্যন্তরীণ কলের জন্য ১৩৬৩৬ এবং আন্তর্জাতিক কলের জন্য +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬ নম্বরে যোগাযোগ করা যাবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো হালনাগাদ তথ্য যথাসময়ে যাত্রীদের জানিয়ে দেওয়া হবে। এই নির্দেশনা বিমান বাংলাদেশের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম স্বাক্ষরিত।
রিপোর্টারের নাম 
























