সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য আ ন ম এহছানুল হক মিলন বিএনপি সরকারের নবগঠিত মন্ত্রিসভায় স্থান পেতে যাচ্ছেন। আজ মঙ্গলবার বিকেলে সংসদ ভবনে তাঁর শপথগ্রহণের কথা রয়েছে। তিনি নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মঙ্গলবার সকালে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এহছানুল হক মিলন জানান, তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে বিপুল ভোটে ধানের শীষ প্রতীকে বিজয়ী হন।
এর আগে, আজ মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে সংসদ ভবনের শপথকক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান। তবে, শপথগ্রহণ অনুষ্ঠানে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।
আজ বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর দলের চেয়ারম্যান তারেক রহমান নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
রিপোর্টারের নাম 
























