ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মো. শরীফুল আলম নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়ার আমন্ত্রণ পেয়েছেন। মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে টেলিফোনের মাধ্যমে তাকে শপথগ্রহণের জন্য এই ডাক দেওয়া হয়।
শরীফুল আলমের ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া আজ সকাল সাড়ে ১০টায় তার ব্যক্তিগত ফেসবুক পেজে ‘আলহামদুলিল্লাহ প্রতিমন্ত্রী’ লিখে একটি স্ট্যাটাস দেওয়া হয়, যা থেকে ধারণা করা হচ্ছে তিনি নতুন সরকারে প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন।
এর আগে, আজ মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। সেখানে সংসদ সদস্য হিসেবে শপথ নেন শরীফুল আলম। আজ বিকেলেই বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৮৭ হাজার ১৫৯ ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয়ী হন শরীফুল আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আতাউল্লাহ আমীন রিকশা প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৯৫ ভোট। বিপুল জনসমর্থন নিয়ে বিজয়ী হওয়ার পর এবার সরকারের নীতি-নির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ পাচ্ছেন এই রাজনীতিক।
রিপোর্টারের নাম 
























