ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল বিএনপির সংসদীয় দলের সভা আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে এই বৈঠক আহ্বান করা হয়েছে।
মঙ্গলবার সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, শপথ গ্রহণ পর্ব শেষ হওয়ার পরপরই সংসদীয় দলের সদস্যরা এই সভায় মিলিত হবেন।
সালাহউদ্দিন আহমদ আরও জানান, সংসদীয় দলের এই সভায় আনুষ্ঠানিকভাবে সংসদ নেতা নির্বাচন করা হবে। নিয়ম অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদ নেতা নির্বাচিত হবেন এবং পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেশের দায়িত্বভার গ্রহণ করবেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সারাদেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফল পর্যালোচনার পর গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে নির্বাচন কমিশন (ইসি) ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টিতে বিজয়ী প্রার্থীদের গেজেট প্রকাশ করে। সেই গেজেট প্রকাশের ধারাবাহিকতায় আজ নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ ও সংসদীয় দলের এই গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























