এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণ ঘিরে চড়ছে উত্তেজনার পারদ। মাঠের বাইরের রাজনৈতিক প্রেক্ষাপট আর পাকিস্তানের সম্ভাব্য বয়কটের জল্পনা এই ম্যাচের চাপকে আরও বাড়িয়ে তুলেছে। তবে ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সবকিছুর ঊর্ধ্বে ক্রিকেটই তাঁদের মূল ফোকাস। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবকে বারবারই মুখোমুখি হতে হয়েছে পাকিস্তানের সম্ভাব্য বয়কট প্রসঙ্গ নিয়ে। তবে এ ধরনের জল্পনা উড়িয়ে দিয়ে সূর্যকুমার জানান, তারা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলেন। তিনি বলেন, “আমরা সব ম্যাচের জন্যই প্রস্তুত ছিলাম। ১৫ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে আমাদের একটি ম্যাচ খেলার কথা ছিল। আমাদের ফ্লাইটও বুক করা ছিল। গ্রুপপর্বের চারটি ম্যাচের জন্যই আমরা তৈরি ছিলাম, কারণ আমাদের এটি মেনে নিতেই হতো।”
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা আর চাপ, যা উৎসবের রূপ নেয়। এমনটাই মনে করেন সূর্যকুমার। তিনি যোগ করেন, “আমার দৃষ্টিতে যেকোনো ম্যাচই চাপের। যখন ভারত-পাকিস্তান ম্যাচ হয়, তখন চাপ আরও বাড়ে। এটা উৎসবের মতো। এটা সত্য যে এই ম্যাচটি একটি বড় প্ল্যাটফর্ম। তারপরও আমরা এটাকে অন্য ম্যাচের মতোই খেলতে চাই।”
দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে বৈশ্বিক বা মহাদেশীয় ইভেন্ট ছাড়া ভারত-পাকিস্তানের মধ্যে নিয়মিত দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয় না। এই বাস্তবতার কথা মাথায় রেখেও ভারতীয় দল ম্যাচটিকে স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করছে বলে জানান অধিনায়ক। তার কথায়, “আমরা নিয়মিত তাদের বিপক্ষে খেলি না। আমরা সবকিছু স্বাভাবিক রাখার চেষ্টা করছি। যতটুকু সম্ভব কঠোর পরিশ্রম করার চেষ্টা আছে আমাদের। পরিকল্পনা পুরোপুরি মাঠে প্রয়োগ করতে চাই।”
এই ম্যাচের আগে ঘুরে ফিরে এসেছে এশিয়া কাপে দুই দলের খেলোয়াড়দের হাত না মেলানোর প্রসঙ্গ। ক্রিকেটীয় চেতনা বজায় রাখার অঙ্গীকার থাকলেও টসের সময় কিংবা ম্যাচ শেষে হাত মেলানো হবে কি না, সেই প্রশ্নের সরাসরি উত্তর মেলেনি সূর্যকুমারের কথায়। তিনি বরং বলেন, “২৪ ঘণ্টা অপেক্ষা করুন। কালকে (আজ) দেখা যাবে। কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? ম্যাচ হওয়াটা গুরুত্বপূর্ণ। হাত মেলানো হলো কি না, সেটা ২৪ ঘণ্টা পর দেখা যাবে।” এর মাধ্যমে তিনি আবারও ম্যাচকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বার্তা দেন।
রিপোর্টারের নাম 























