আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দিনাজপুরের পার্বতীপুর-ফুলবাড়ী আসনে (দিনাজপুর-৫) রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। এই আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামানের এক সমর্থকের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ তালা প্রতীকের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ধানের শীষ প্রতীকের চার সমর্থক আহত হয়েছেন।
মঙ্গলবার রাতে শহরের নিউকলোনী ধুপিপাড়া মহল্লায় এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, তালা প্রতীকের প্রায় ২০-৩০ জন অজ্ঞাত ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে ইসমাইল হোসেনের ছেলে মজিদ ওরফে মজনুর বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে এবং মজনুর স্ত্রী বর্ষা (২২), রাজু (৩৫) ও রাজুর স্ত্রী রুমাকে (৩০) বেদম মারধর করে। এই হামলায় জাতীয়তাবাদী হর্কাস দলের সম্পাদক মজনু এবং রাজু গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদের হলদীবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনা সম্পর্কে জানতে চাইলে সহকারী রিটার্নিং অফিসার সাদ্দাম হোসেন জানান, তিনি বিষয়টি জানার পর দ্রুত একটি ভ্রাম্যমাণ টিম ঘটনাস্থলে প্রেরণ করেছেন।
রেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানিয়েছেন, তিনি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ধানের শীষের সমর্থকদের বাড়িতে হামলার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তাদের চিকিৎসার জন্য হলদীবাড়ী হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
অন্যদিকে, তালা প্রতীকের সমর্থক তোফা ও সামাদ (গুড্ডু) মুঠোফোনে তাদের ভিন্ন অভিযোগ জানান। তাদের দাবি, ধানের শীষ প্রতীকের লোকজন ভোটারদের টাকা দিয়ে প্রভাবিত করার চেষ্টা করছিল এবং তাদের লোকজন এতে বাধা দিতে গেলে এই পরিস্থিতির সৃষ্টি হয়।
হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা. হারুনুজ্জামান জানিয়েছেন, আহত চারজন এখানে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নির্বাচনী পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
রিপোর্টারের নাম 




















