নাটোরের নলডাঙ্গা উপজেলায় সেনাবাহিনীর একটি গাড়ির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বাসুদেবপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. নজরুল ইসলাম (৬০)। তিনি নলডাঙ্গা উপজেলার বীরকুটসা উত্তরপাড়া গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে নাটোর শহর থেকে সেনাবাহিনীর একটি গাড়ি নলডাঙ্গা আর্মি ক্যাম্পের দিকে ফিরছিল। পথিমধ্যে বাসুদেবপুর বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজির সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা তিন যাত্রী গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে দ্রুত নাটোর সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় নজরুল ইসলামের মৃত্যু হয়। আহত অন্য দুই যাত্রীকে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। জানা গেছে, সিএনজির যাত্রীরা চিকিৎসার প্রয়োজনে নাটোরে যাচ্ছিলেন।
দুর্ঘটনায় উভয় যানের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সিএনজির সামনের কাঁচ সম্পূর্ণ ভেঙে গেছে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রিপোর্টারের নাম 




















