আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বইছে ভোটের হাওয়া। প্রচার-প্রচারণা শেষে এখন চলছে ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি। তবে এই আসনে মোট ১৪৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৯টিকেই ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন, যার মধ্যে ৩৩টি কেন্দ্র রয়েছে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ তালিকায়। এ অবস্থায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কুমিল্লা-১ আসনে এবার মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মূল লড়াই হবে দ্বিমুখী। এই লড়াইয়ে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন বিএনপি প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী মনিরুজ্জামান বাহলুল (দাঁড়িপাল্লা)। এছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির সৈয়দ ইফতেখার হাসান (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী আবু জায়েদ আল মাহমুদ (কলস), ইসলামী আন্দোলনের বশির আহমেদ (হাতপাখা), বাংলাদেশ জাসদের ধীমন বড়ুয়া (মোটরগাড়ি), বাংলাদেশ রিপাবলিকান পার্টির মোহাম্মদ আবুল কালাম (হাতি) এবং এবি পার্টির শফিউল বাসার (ঈগল)।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, দাউদকান্দি ও মেঘনা উপজেলা নিয়ে গঠিত এই সংসদীয় আসনে ভোটার সংখ্যা ও কেন্দ্রের বিন্যাসে দাউদকান্দিই প্রধান অংশ। দাউদকান্দি উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১০৭টি ভোটকেন্দ্র রয়েছে। এখানে ৬৮৮টি ভোট কক্ষের মধ্যে ৪৯টি অস্থায়ী। এই উপজেলায় মোট ৩ লাখ ২৪ হাজার ৫৩৫ জন ভোটারের মধ্যে পুরুষ ১ লাখ ৬৫ হাজার ৮৮১ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৮ হাজার ৬৫৪ জন।
অন্যদিকে, মেঘনা উপজেলার ৮টি ইউনিয়নে ৩৮টি ভোটকেন্দ্রের বিপরীতে ২২৩টি ভোট কক্ষ রয়েছে, যার মধ্যে ২৯টি অস্থায়ী। এ উপজেলায় মোট ১ লাখ ১২ হাজার ৩৩৫ জন ভোটারের মধ্যে পুরুষ ৫৭ হাজার ৬১৩ জন এবং নারী ভোটার ৫৪ হাজার ৭২২ জন। দুই উপজেলা মিলিয়ে মোট ৬৯টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ তালিকায় রাখা হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার জানান, উপজেলার ৩৮টি কেন্দ্রের মধ্যে ১৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত করা হয়েছে। তবে প্রতিটি কেন্দ্রই শতভাগ সিসি ক্যামেরার আওতায় থাকবে। বিশেষ করে নদীবেষ্টিত চালিভাঙ্গা ইউনিয়নের চারটি কেন্দ্রে পুলিশ ও আনসারের পাশাপাশি সেনাবাহিনীর একটি বিশেষ দল মোতায়েন থাকবে।
সার্বিক প্রস্তুতি নিয়ে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাছরীন আক্তার বলেন, “শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতে আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা সদস্য মোতায়েন থাকবে যাতে ভোটাররা নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।”
রিপোর্টারের নাম 
























