রাজশাহীতে পৃথক দুটি ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। মঙ্গলবার দিবাগত গভীর রাতে মহানগরীর কাশিয়াডাঙ্গা এবং জেলার পুঠিয়া এলাকায় এসব অভিযান চালানো হয়। ধারণা করা হচ্ছে, আসন্ন নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে এসব অস্ত্র মজুত করা হয়েছিল।
র্যাব সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন উত্তর ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন এলাকায় প্রথম অভিযানটি পরিচালিত হয়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ২৪টি তাজা ককটেল উদ্ধার করা হয়।
একই রাতে দ্বিতীয় অভিযানে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর পোল্লাপুকুর মোড় এলাকা থেকে ৪০টি বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করে র্যাব সদস্যরা। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে চারটি রামদা, পাঁচটি হাসুয়া, পাঁচটি ছুরি, ১৮টি কুঠার সদৃশ টাঙ্গি এবং দুটি হাতলযুক্ত হ্যামার।
অভিযান শেষে র্যাব জানায়, জব্দকৃত এসব আলামত নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রাথমিক অনুসন্ধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, ২০২৬ সালের গণভোট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করা কিংবা এলাকায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে কোনো স্বার্থান্বেষী মহল এসব বিস্ফোরক ও মারণাস্ত্র মজুত করেছিল। এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব-৫ এর গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্টারের নাম 
























