আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলার তজুমদ্দিন উপজেলার ৩৬টি ভোটকেন্দ্রের সব কটিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এর মধ্যে ৯টি কেন্দ্রকে রাখা হয়েছে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ বা অতি গুরুত্বপূর্ণ তালিকায়। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
ভোলা-৩ আসনটি মূলত লালমোহন ও তজুমদ্দিন উপজেলা নিয়ে গঠিত। সরকারি তথ্য অনুযায়ী, তজুমদ্দিন উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮ হাজার ৮০৪ জন। এই উপজেলার ৩৬টি কেন্দ্রেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে ভৌগোলিক অবস্থান এবং নিরাপত্তার দিক বিবেচনা করে সব কটি কেন্দ্রকেই বিশেষ নজরদারিতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তজুমদ্দিন উপজেলার তিন দিকে পার্শ্ববর্তী দুটি উপজেলার সীমানা রয়েছে। সীমান্তবর্তী এলাকাগুলোতে নির্বাচনী সহিংসতার আশঙ্কা এবং বেশ কিছু ইউনিয়ন দুর্গম ও বিচ্ছিন্ন জনপদ হওয়ায় যাতায়াত ও আইন-শৃঙ্খলা রক্ষায় বাড়তি চ্যালেঞ্জ রয়েছে। মূলত ভৌগোলিক প্রতিকূলতা ও সংঘাতের আশঙ্কা থেকেই পুরো উপজেলার সব কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে।
তজুমদ্দিন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবু বকর ছিদ্দিক জানান, পার্শ্ববর্তী উপজেলার সঙ্গে সীমান্ত সংযোগ এবং এলাকাটি দুর্গম হওয়ায় নিরাপত্তার স্বার্থে প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। তবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ তৎপর রয়েছে। এছাড়া প্রতিটি কেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় এনে সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে রাখার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























