নীলফামারীর কিশোরগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এই চুরির বিষয়টি জানাজানি হয়। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত নয়ানখাল স্কুল অ্যান্ড কলেজের নিরাপত্তা ও সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য কয়েক দিন আগে সেখানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। সোমবার বিদ্যালয়ের কার্যক্রম শেষে শিক্ষকরা প্রতিষ্ঠানটি বন্ধ করে চলে যান। পরদিন মঙ্গলবার সকালে পুনরায় বিদ্যালয়ে ফিরে তারা দেখেন, ভবনের সম্মুখভাগে বসানো একটি সিসি ক্যামেরা উধাও হয়ে গেছে। তবে কে বা কারা এই চুরির সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে নয়ানখাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জলিলুর রহমান জানান, সোমবার স্কুল ছুটির পর যথানিয়মে সবকিছু বন্ধ করে তারা বাড়ি চলে গিয়েছিলেন। মঙ্গলবার সকালে এসে দেখেন প্রধান ভবনের সামনে স্থাপিত একটি সিসি ক্যামেরা নেই। বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানো হয়েছে।
চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেন, “ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা চুরির বিষয়টি আমরা অবগত হয়েছি। এখন পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”
ভোটের আগে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ও পর্যবেক্ষণ ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয় ভোটার ও সচেতন মহল।
রিপোর্টারের নাম 
























