রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার সকালে উপজেলার গন্ডগোহালী গ্রামের নিমতলা এলাকায় একটি মুরগিবোঝাই নছিমন ও বালুবোঝাই ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন নাইম (২০) ও হামিম (২৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সাধনপুর থেকে পুঠিয়া অভিমুখে আসছিল মুরগিবোঝাই নছিমনটি। একই সময়ে পুঠিয়া থেকে তাহেরপুরের দিকে যাচ্ছিল বালুবোঝাই ড্রাম ট্রাকটি। নিমতলা এলাকায় পৌঁছালে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় নছিমনের উপর থাকা শ্রমিক নাইম, হামিম এবং চালক মো. সোহেল (৩৮) রাস্তার উপর ছিটকে পড়েন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাইম ও হামিমকে মৃত ঘোষণা করেন। নিহত দুজনের বাড়ি রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হরগ্রাম শেখপাড়া এলাকায়।
দুর্ঘটনায় আহত নছিমন চালক মো. সোহেল প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এছাড়াও আরও তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।
দুর্ঘটনার পর বালুবোঝাই ড্রাম ট্রাকের চালক মো. মিন্টু (৪০) এবং তার সহকারী মো. স্বাধীন আলী (২২) ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা তাদের আটক করে। পরে জনতা তাদের মারধর করে পুলিশে সোপর্দ করে। পুলিশ আহত অবস্থায় ট্রাকের হেলপার মো. স্বাধীন আলীকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ট্রাক চালক মো. মিন্টুকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মুরগি ব্যবসায়ী মামুন হোসেন জানান, তার গাড়িতে থাকা প্রায় দেড় লক্ষ টাকার মুরগি নষ্ট হয়েছে এবং দুজন কর্মী মারা গেছেন। এটি তার জন্য বড় ধরনের ক্ষতি।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বালুবোঝাই ড্রাম ট্রাকের সঙ্গে মুরগিবাহী নছিমনের সংঘর্ষে দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এখনো কোনো মামলা দায়ের হয়নি। নিহতদের স্বজনরা এলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 
























