একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আবদুল জব্বারের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া কর্মীদের ওপর একাধিকবার হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিতের দাবিতে গতকাল মঙ্গলবার বিকেলে বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে প্রার্থীর প্রধান এজেন্ট সৈয়দ গুলজার আলম লিখিত বক্তব্যে অভিযোগ করেন, গত সোমবার সন্ধ্যায় আন্দারমানিক ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. শহিদুল ইসলামের নেতৃত্বে স্থানীয় জামায়াত কর্মীরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কলকুঠি মাদরাসা এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় স্থানীয় বিএনপি নেতা মোফাজ্জেল দেওয়ান, মোহাম্মদ আলী, আয়নাল মাঝি ও আনোয়ার হাওলাদারের নেতৃত্বে প্রায় ২৫-৩০ জনের একটি দল তাদের প্রচারণায় বাধা দেয়।
অভিযোগ রয়েছে, প্রতিবাদ জানালে বিএনপি কার্যালয় থেকে লাঠিসোঁটা নিয়ে এসে জামায়াত কর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় জামায়াত কর্মীদের ১২টি মোটরসাইকেল ভাঙচুর করে খালে ফেলে দেওয়া হয় এবং একটি মোটরসাইকেল ছিনতাই করা হয়। হামলায় জামায়াতের বেশ কয়েকজন কর্মী গুরুতর আহত হন, যাদের মধ্যে একজনের পা ভেঙে গেছে বলে জানা গেছে। আহতরা পাশের একটি চায়ের দোকানে আশ্রয় নিলে সেখানেও তাদের ওপর পুনরায় হামলা চালানো হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জামায়াত কর্মীরা সেনাবাহিনীতে খবর দিলে সেনাসদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেন। আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকি পাঁচজনকে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সৈয়দ গুলজার আলম বলেন, এই ধরনের ঘটনার বিষয়ে তারা বারবার লিখিত অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাননি। বরং ধানের শীষের কর্মীরা তাদের সমর্থকদের হুমকি দিয়ে যাচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ ধরনের হামলা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করছে।
সংবাদ সম্মেলনে তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান। তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
রিপোর্টারের নাম 
























