কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী আব্দুল গফুরের নেতৃত্বে ভেড়ামারা শহরে এক বিশাল নির্বাচনি গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে আয়োজিত এই গণমিছিলে হাজার হাজার নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
ভেড়ামারা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক ও মহিলা কলেজের সামনে দিয়ে প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। মিছিলের অগ্রভাগে ছিলেন কুষ্টিয়া জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও এই আসনের সংসদ সদস্য প্রার্থী মো. আব্দুল গফুর।
গণমিছিলে কুষ্টিয়া জেলা জামায়াতের শিক্ষা বিষয়ক সম্পাদক ড. নুরুল আমীন জসিম, এনসিপি জাপানের সমন্বয়কারী ইঞ্জিনিয়ার সৈয়দা শাম্মী আক্তার সুইট, বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলার নায়েবে আমির মুন্সি মইনুল হক, ভেড়ামারা উপজেলা জামায়াতের আমির মো. জালাল উদ্দিন, মিরপুর উপজেলা জামায়াতের আমির খন্দকার রেজাউল করিম, সাধারণ সম্পাদক শফিকুল আলম, সহ-সম্পাদক তারেক আহমেদ, তারেক রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া, জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী ও ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমর্থকরা এই গণমিছিলে অংশ নেন।
গণমিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য প্রার্থী আব্দুল গফুর বলেন, “সমগ্র নির্বাচনী এলাকায় জামায়াতের পক্ষে এক অভূতপূর্ব গণজোয়ার সৃষ্টি হয়েছে। শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত, সর্বত্র সাধারণ মানুষের মধ্যে কেবল ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষেই আওয়াজ উঠছে।”
তিনি অভিযোগ করে বলেন, “শান্তিপূর্ণভাবে জনগণের কাছে পৌঁছানোর আমাদের সকল প্রচেষ্টা সত্ত্বেও, আমাদের নেতাকর্মীদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে এবং সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।”
—
রিপোর্টারের নাম 
























